উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুধাবি টেস্টে জয়ের জন্য ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। তবে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের লড়াইয়ের পর চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে আফগানরা। জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ৩৪৭ রান।
ম্যাচের চতুর্থ দিনে আফগানিস্তানকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলিং আক্রমণ। ইনিংসের প্রথম বলেই ওপেনার আবদুল মালিককে আউট করেন পেসার এবাদত হোসেন। এই উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে নিজের ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করেন এবাদত।
এরপর আরেক ওপেনার শহীদুল্লাহকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। মাত্র ২৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া আফগানদের টেনে তোলেন রহমত শাহ ও সেদিকুল্লাহ আতাল। ধৈর্যশীল ব্যাটিংয়ে ২১৪ বলে ৮২ রানের জুটি গড়ে বাংলাদেশকে বেশ কিছুক্ষণ চাপে রাখেন তাঁরা।
অবশেষে ৮২ রানের এই শক্ত জুটি ভাঙেন সেই এবাদত হোসেন। রহমত শাহকে ৫১ রানে গ্লাভসবন্দী করান লিটন দাস। রহমতের ক্যাচটি নেওয়ার মাধ্যমেই এক টেস্টে সর্বোচ্চ ৮টি ডিসমিসাল নিয়ে ২০ বছর আগের খালেদ মাসুদ পাইলটের রেকর্ড ভাঙেন লিটন।
দিন শেষে আফগানিস্তানের পক্ষে সেদিকুল্লাহ আতাল ৩৫ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট এবং আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান।