উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়ে উঠেছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে এমন প্রত্যাশার মধ্যে সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। নতুন কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক কমিশনার আনারুজ্জামান আনোয়ার, হাজী ইউসুফ এবং আব্দুর রাজ্জাক।
গত ৩০ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটির মাধ্যমে অভ্যন্তরীণ বিরোধ নিরসন, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর প্রত্যাশা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী। তবে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কারও পদপ্রাপ্তি নিশ্চিত করে বলা যাচ্ছে না।