উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকায় মেসার্স নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে পৌরসভার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে সারগুলো আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটি আটকে দেন। পরে পুলিশ ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে এসে সারসহ গাড়িটি জব্দ করেন।
তদন্ত শেষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সরকারি নীতিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে ডিলারশিপ বাতিলের সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে জব্দকৃত সারগুলো স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কৃষকদের অধিকার ক্ষুণ্ন করে সার পাচারের যেকোনো চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নজরদারি অব্যাহত থাকবে।