উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে বিশেষ অভিযান জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। একই সঙ্গে তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন স্লোগানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার ১৩ অক্টোবর নগরের পাহাড়তলী রেলওয়ে বাজারে আয়োজিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মেয়র আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হটস্পটগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা করে দ্রুত অপসারণ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিয়ে মেয়র বলেন, দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। সঠিক তথ্য জানার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি সূত্রের তথ্যের ওপর আস্থা রাখতে হবে।