উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই ধারণক্ষমতার তিন থেকে চারগুণ বেশি রোগীর চাপ সামলাতে হচ্ছে। জেলার আট উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসায় শয্যাসংকট তৈরি হয়েছে। গতকাল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৪২ জন এবং শয্যার অভাবে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে রোগীর চাপ বাড়লেও সে অনুযায়ী বাড়েনি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসকের সংখ্যা। চিকিৎসকের অনুমোদিত ৭৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭ জন এবং ৫০টি পদই শূন্য রয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান জানান, প্রতিদিন ৯০০ থেকে ৯৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দিতে মাত্র ২৫ জন চিকিৎসক রয়েছেন।
জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও যন্ত্রপাতি অচল থাকায় দুর্ভোগ আরও তীব্র হয়েছে। হাসপাতালের দুটি এক্স-রে মেশিন ও দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিনের অর্ধেকই বর্তমানে অচল অবস্থায় রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিজা জানান, অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটের কারণে চিকিৎসক, রোগী উভয় পক্ষকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।