উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে সড়কের পাশে রেখে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। মঙ্গলবার পুলিশ সুপারের নির্দেশনায় শিশু দুটির হাতে শিশুখাদ্য ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শিশু দুটি হলো ৮ বছর বয়সী ইসরাত ও ১৮ মাস বয়সী রোজা মনি।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে মা জেসমিন আক্তার ও বাবা নূর মোহাম্মদ নাছির আলমের বিবাহবিচ্ছেদ হয়। গত রোববার দুপুরে দুই মেয়েকে ব্রাহ্মণপাড়া বাজারে এনে সাবেক স্বামী নাছির আলমকে ফোন করে নিয়ে যেতে বলেন মা। একপর্যায়ে জেসমিন দুই মেয়েকে সড়কের পাশে রেখে চলে যান এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম তাদের শনাক্ত করে বাড়িতে নিয়ে যান এবং পরবর্তীতে তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলম হেফাজতে নেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সহমর্মিতা প্রকাশ করে থানা-পুলিশের মাধ্যমে শিশু দুটির জন্য সহায়তা পাঠান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।