উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাকে বিদায় জানান।
দুই সপ্তাহের এই সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সফরকালে তিনি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং আন্তর্জাতিক মুসলিম সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার প্রভাবে ফ্লাইট ব্যাহত হওয়ায় ঢাকার বিমানবন্দরে আটকে পড়া হাজার হাজার প্রবাসী শ্রমিকের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সংঘাতের কারণে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, সীমিত আয়ের এসব মানুষের ঢাকায় থাকা কিংবা খাবারের কোনো সংস্থান নেই এবং ফ্লাইট বাতিলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে তাদের জরুরি আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি মধ্যস্থতায় টিকিটের অর্থ ফেরত এবং পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মস্থলে পাঠানোর আহ্বান জানান তিনি।