উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ অভিযান চালানো হয়। আজ রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৫৭ জন এবং বিভিন্ন পরোয়ানামূলে ১৫৭ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৫৯ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে দুই জন মাদক বহনকারী ও ৫৭ জন মাদকসেবী। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড এবং ৭৪ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে ২ হাজার ৭৬১ পিস ইয়াবা, ৯০ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন সদস্যকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৩৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৭২ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।