উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি এবং সেবার মান বাড়াতে নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এসব পদের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর আওতায় ১০ম গ্রেডের ১ হাজার ৫৬৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ৯১৪ জন মিডওয়াইফ সরাসরি নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য চলতি বছরের ২৪ মার্চ পিএসসিতে প্রথম চাহিদাপত্র পাঠানো হলেও পদসংখ্যা ও তথ্যে কিছু অসংগতি ছিল। সব জটিলতা নিরসন করে গত ৭ অক্টোবর ১ হাজার ৫৬৬টি শূন্য পদের বিপরীতে সংশোধন করা নতুন চাহিদাপত্র পুনরায় পিএসসিতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাঠপর্যায়ে মাতৃ ও নবজাতক সেবার জন্য ১০ম গ্রেডের ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের চাহিদাপত্রটি গত ৫ অক্টোবর পিএসসিতে পাঠানো হয়।
বর্তমানে সরকার প্রথাগত ধারা থেকে বেরিয়ে এসে রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাস্তবায়নের জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, পিএসসির নিয়ম ও চেকলিস্ট অনুযায়ী ফাইল নিখুঁত হওয়া জরুরি এবং যাচাই-বাছাই শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।