উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এরইমধ্যে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। মধ্যরাতের পর বাড়ছে শীতের অনুভূতি এবং ভোরের প্রকৃতিতে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আর উত্তরের হিমেল বাতাস জানান দিচ্ছে যে দুয়ারে কড়া নাড়ছে শীত।
মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান যে বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকে কিছুটা ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি শুরু হয় অপেক্ষাকৃত আগেভাগেই।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাসসকে বলেন, শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হয়ে থাকে এবং অনেক সময় তাপমাত্রার পারদ নেমে আসে এক অঙ্কের ঘরে।