উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে রাজধানীর বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বুধবার চৌদ্দই অক্টোবর দুপুরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ডা. শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ সবার প্রিয় জন্মভূমি এবং এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশি এবং এ দেশের গর্বিত নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে।
হিন্দু সম্প্রদায়ের নেতারা সভায় নিজেদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তাদের পাশে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করা হবে।
সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসবের আগে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।