উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই অপ্রীতিকর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপন করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক সন্দেহে বলা হচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বিদেশে তাকে হয়রানির তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পেছনে যারা দায়ী তারা বিশ্ব দরবারে দেশের ও নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। দেশের স্বার্থে এবং এই ধরণের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।