উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) বিশাল নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনের মাধ্যমে এসব পদের জন্য আবেদন করতে পারবেন।
৯ম গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা এবং ১০ম গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৯,৩০০ টাকা নির্ধারিত রয়েছে। ৯ম গ্রেডের পদের মধ্যে সহকারী ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী রসায়নবিদ ও প্রকৌশলী পদে মোট ১৬৪ জন নেওয়া হবে। অন্যদিকে ১০ম গ্রেডের পদগুলোতে মোট ১১০ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা নিয়োগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। পদভেদে শিক্ষাজীবনে নির্দিষ্ট সিজিপিএ বা জিপিএ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত ১টি এবং ১০ম গ্রেডভুক্ত ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।