উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। তবে আহতদের সর্বশেষ অবস্থা এবং নিহত নারী শিক্ষকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্কুল ভবনের ধসে পড়া অংশের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভবন ধসের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ঘটনার বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ। তদন্তের মাধ্যমে স্কুল ভবনের নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের মান এবং ছাদ ধসের পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।