উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১ নভেম্বর থেকে যে কোনও ফোন কলের ক্ষেত্রে কলার আইডি বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। টেলিকম সংস্থাগুলিকে কলারের পরিচয় দেখানোর ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর ফলে মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল এলেও কলারের নাম ও নম্বর স্বয়ংক্রিয় ভাবে স্ক্রিনে দেখতে পাবেন গ্রাহকেরা।
টেলিযোগাযোগ বিভাগ বা ডিওটি ১ নভেম্বর থেকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ বা সিএনএপি ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। এই প্রযুক্তির সাহায্যে ফোনে ইনকামিং কল আসার সময় কলারের নাম ও নম্বর স্ক্রিনে দেখা যেতে পারে। ৪জি ও ৫জি-র মতো উন্নত মোবাইল নেটওয়ার্কে ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা স্বয়ংক্রিয় ভাবেই চালু হবে।
সিএনএপি পরিষেবা চালু হলে, ফোনের স্ক্রিনে প্রথমে কলারের নম্বর এবং তার পরে নাম দেখানো হবে। নম্বরটি আগে থেকেই ফোনের কন্ট্যাক্টসে সেভ করা থাকলে, সেই নামই দেখা যাবে। অন্যথায়, দেশের অভ্যন্তরে আসা কলের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার গ্রাহক তথ্যতালিকায় নথিভুক্ত নাম দেখা যাবে।
এই ব্যবস্থা কার্যকর করতে প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে গ্রাহকদের নাম ও ফোন নম্বরের তথ্য নিয়ে একটি ডেটাবেস তৈরি করতে হবে। নির্দেশ অনুযায়ী, ইনকামিং কল শেষ হয়ে যাওয়ার পর কোয়ারি-রেসপন্স পদ্ধতির মাধ্যমে কলারের নাম সংরক্ষণ করা যাবে না। অন্যদিকে, ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের পছন্দের নাম প্রদর্শনের সুযোগ দিতে পারে।