উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সবুজবাগ সরকারি কলেজ একটি মেধাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং ভর্তির ক্ষেত্রে মেধার কোনো ছাড় দেওয়া হবে না। যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই কেবল এই কলেজে ভর্তির সুযোগ পাবে।
দেশ গঠনে শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, কৃষক মাঠে ফসল ফলান এবং শ্রমজীবী মানুষ রোদে পুড়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। মেধাবী শিক্ষার্থীদের নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তাদের জ্ঞান দেশের মানুষের কল্যাণে লাগে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা রক্ষায় নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, শুধু সড়ক ও সেতুর অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষিত ও মানবিক জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে শুধু প্রকল্প হিসেবে নয়, জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের মেয়াদেই একটি মাইক্রোবাস দেওয়ার এবং আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল বোর্ড স্থাপনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এছাড়া কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও অনার্স-মাস্টার্স চালুর বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। নবীন শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের মেধা ও যোগ্যতার মাধ্যমেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।