উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, তা নিয়ে দলটির ভেতরে ও বাইরে আলোচনা চলছে। এই উপনির্বাচনে কাকে বেছে নেবে বিএনপি তা এখনো চূড়ান্ত না হলেও নানা মাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ ও পরিচিত একাধিক মুখ নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় একাধিক নারী নেত্রীর নামও এখন আলোচনায় রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নাম বেশি শোনা যাচ্ছে। নিজ জেলা রাজনীতিতে শক্ত অবস্থান থাকলেও গত নির্বাচনে তার স্বামী হারুনুর রশিদ পরাজিত হওয়ায় বর্তমানে এই দম্পতির কেউ সংসদে নেই। রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিয়োজিত পাপিয়াকে নিয়ে বেশি আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে তার কিছু বিতর্কিত বক্তব্য সমালোচনার মুখে ফেলেছে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নামও শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর এবং মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজের নামও আলোচনায় রয়েছে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় উপনির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা যেমন বাড়ছে, তেমনি যোগ্য প্রার্থী বাছাইয়ে হিসাব-নিকাশ কষছে দলটির নীতিনির্ধারক মহল।