উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুজোর বাজারে গ্যাজেট দুনিয়ায় হইচই ফেলে স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি সিরিজের তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই ডিভাইসটি বিক্রি শুরু হয়েছে বিপণীতে। প্রযুক্তিবিদদের দাবি, সংশ্লিষ্ট ডিভাইসটির সঙ্গে অ্যাপ্ল এয়ারট্যাগের যথেষ্ট মিল রয়েছে। আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তার নজরকাড়া বৈশিষ্ট্য।
স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ-কে এ বারই প্রথম দু’ধরনের অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার সুবিধা পাবেন গ্রাহক। এত দিন শুধু মাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কার্যকর ছিল এই ডিভাইস কিন্তু নতুন মডেলটি অ্যাপ্লের আইওএস প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে নিতে সক্ষম। ফলে, এটি কেনায় আইফোন ব্যবহারকারীদের কোনও সমস্যা নেই।
আগের মডেলগুলির সঙ্গে স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগের যথেষ্ট পার্থক্য রয়েছে এবং নতুন ডিভাইসটিকে প্রায় ৩৫ শতাংশ ছোট ও হালকা করেছে নির্মাণকারী দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। একবারের চার্জে টানা ৫৫০ দিন চলবে এর ব্যাটারি এবং পাওয়ার সেভিং মোডে যেটা আরও বেড়ে ৭৯০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগে ৬.০ ব্লুটুথ এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করেছে স্যামসাং যার জেরে ৬০ মিটার দূর থেকেও দিকনির্দেশ করতে পারবে এই ডিভাইস। বর্তমানে দু’টি রঙের নতুন স্মার্টট্যাগ বাজারে এনেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট এবং এর ইনগ্রেস প্রোটেকশান বা আইপি রেটিং ৬৭ বলে জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি স্মার্টট্যাগের এক একটি বিক্রি হচ্ছে ২৯.৯৯ ডলারে এবং চারটে একসঙ্গে নিলে ৯৯.৯৯ ডলার দিতে হবে। ভারতের বাজারে এখনও এই ডিভাইসটি না এলেও চলতি মাসের শেষের দিকে ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিপণীতে এটা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ দেশে দাম ২,৫০০-২,৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে বলে ওয়াকিবহাল মহল আশাবাদী।