উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এডেনে অবস্থিত এই প্রাসাদে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সানা দেশটির রাজধানী হলেও ইয়েমেন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। আল-মাশিক নামে পরিচিত এই প্রাসাদে হামলার ঘটনায় উত্তেজনা এখন চরমে উঠেছে।
ইয়েমেনি সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে জানিয়েছেন, এই হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সৌভাগ্যের বিষয় হলো, সরকারের মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ অক্ষত রয়েছেন। মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, হুথিরা হামলা চালালেও তারা এডেন ছেড়ে কোথাও যাবেন না।
আলজাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন এবং পরে তারা জানতে পারেন যে প্রাসাদটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক তথ্যে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে হুথি বিদ্রোহীরা এই হামলায় একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।