উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের ছবি ফেসবুকে পোস্ট করার পর পদ হারিয়েছেন হাসিবুল ইসলাম মারুফ। তিনি নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই দিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মারুফ। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং জেলা ছাত্রদল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন হাসিবুল ইসলাম মারুফ। তিনি বলেন, চাঁদাবাজি, অনৈতিক কাজ বা নেশাগ্রস্ত হলে তাকে বহিষ্কার করা হতো না, বরং ভারতীয় আধিপত্যবাদ ও রবীন্দ্রনাথের বিরোধিতা করায় তাকে বহিষ্কার করা হয়েছে।