উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার সকালে বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
আটক জেলেদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়েছিল।
অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাসসকে জানান যে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।