উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী দ্বিতীয় ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে গত ১০ ও ১১ অক্টোবর এই উৎসবের আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মীয় আচার, পূজা এবং বাংলা গান ও নাচের মধ্য দিয়ে প্রবাসে শারদীয় আনন্দ ছড়িয়ে পড়ে।
উৎসবটিতে অংশ নিতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালিরা জড়ো হন, যাদের সঙ্গে যুক্ত হন আন্তর্জাতিক পর্যটকরাও। দ্বিতীয় দিনে আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য এবং শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের সংগীত পরিবেশনা। এ ছাড়া নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।
আমেরিকায় বিগত পাঁচ দশক ধরে বাঙালি সংস্কৃতি ও দুর্গাপূজার ঐতিহ্য ধরে রাখা ছ’টি সংগঠনকে এ উৎসবে সম্মাননা জানানো হয়। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এ মঞ্চে প্রবাসে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আবহ আরও একবার সফলভাবে ফুটে উঠেছে।