উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত শনিবার বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা নেওয়া হবে। ২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের মিল পাওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান।
গত শনিবার পরীক্ষা দিতে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের খবর পান প্রার্থীরা। পরীক্ষাকেন্দ্রে ওএমআর শিট বিতরণের প্রায় দুই মিনিট পর তাঁদের পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। এতে যাতায়াত, থাকা ও খাওয়ার খরচসহ নানা ভোগান্তিতে পড়েন প্রার্থীরা। পরীক্ষা বাতিলের ঘোষণার পর ক্ষোভে ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে নেমে তাৎক্ষণিক বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। কেউ কেউ এ সময় আর্থিক ক্ষতিপূরণের দাবিও তোলেন।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। এ পদে ২৪২ জন নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার বিপরীতে আবেদন করেছেন প্রায় তিন লাখ প্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ২৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে এসব পরীক্ষা প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই পরীক্ষার প্রস্তুতি, যাতায়াত ও আবাসনের পেছনে অর্থ ব্যয় করায় পরীক্ষা বাতিল হওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি ও চরম ভোগান্তি পোহাতে হয়।