উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি জানান, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারেরও কবি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আবর্তনের নিবেদন : চিরদিনের নজরুল’ শীর্ষক এ আয়োজনে নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের বহুমাত্রিকতা তুলে ধরে বলেন, তাঁর রচনায় একদিকে যেমন প্রতিবাদ ও মুক্তির আকাক্সক্ষা রয়েছে, অন্যদিকে রয়েছে প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, অন্যায়, অবিচার, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের অবস্থান আজও সমান প্রাসঙ্গিক এবং তাঁর সৃষ্টিকর্ম কোনো নির্দিষ্ট সময় বা প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। নজরুল তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যা সমাজে শান্তি ও সম্প্রিটি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ (বাসস) থেকে এই সংবাদ জানানো হয়।