উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি গত বৃহস্পতিবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় হাইকমিশনার দলগতভাবে কাজ করার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অবদানেই মূলত রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে।
সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে দেশ ও জনগণের সেবায় সততা, সহমর্মিতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। তবে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রাজা চার্লসের কাছে তিনি এখনো তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেননি।