উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা তাদের প্রথম বৈদ্যুতিক স্পোর্টস কার রোডস্টার বাজারে এনেছিল ন’বছর আগে। তার প্রায় এক দশক পর গত ১৫ অক্টোবর টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে গাড়িটির নতুন নকশা প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে গাড়িটিকে বিশেষ ভাবে তৈরি একটি র্যাম্পে উল্টো করে চালানো হয় এবং সেই ঘটনার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন ইলন মাস্ক।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বহু প্রতীক্ষিত এই বৈদ্যুতিক সুপারকারটি একটি বিশাল বাঁকানো র্যাম্প বেয়ে উপরে ওঠে। এর পর সেটি উল্টো ভাবে থাকা বাঁকানো র্যাম্পের উপর দিয়ে চালানো হয় এবং র্যাম্প শেষ হতেই গাড়িটি উল্টো অবস্থাতেই শূন্যে উড়ে পাল্টি খেয়ে নিরাপদে অবতরণ করে। এই বিশেষ কৌশলের মাধ্যমে রকেট নির্মাতা সংস্থা স্পেসএক্সের সহায়তায় তৈরি প্রযুক্তি তুলে ধরা হয়।
উল্লেখ্য, এই প্রদর্শনীটি নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়েছিল এবং রোডস্টারটিকে সাধারণ রাস্তায় আকাশে ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এমন কোনও তথ্য নেই। এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার করতে গেলে নিরাপত্তা, কার্যকারিতা এবং সরকারি অনুমোদনের মতো একাধিক বিষয়ের সমাধান প্রয়োজন। তাই সাধারণ রাস্তায় এই ধরনের গাড়ি চালানো কতটা সম্ভব এবং আইনি ভাবে তা অনুমোদিত হবে কি না, সেই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়।