উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত একটি রেস্টহাউসে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত রেস্টহাউসটিতে এই অভিযান চালানো হয়। ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি’ নামের ওই প্রতিষ্ঠানটিতে কোনো বার লাইসেন্স ছাড়াই বিদেশি মদ মজুত ও বিক্রি করা হচ্ছিল।
অভিযানে ২২৩ বোতল বিদেশি মদ ও ২০৯ বোতল-ক্যান বিয়ার জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২৪৪ লিটার। এর মধ্যে ১৭৭ লিটার মদ এবং ৬৭ লিটার বিয়ার রয়েছে। অবৈধভাবে বিদেশি মদ মজুত ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আতাউর রহমান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানায়, ‘জার্মান ক্লাব’ নামে কোনো বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। অভিযانের সময় ম্যানেজার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, টিকিট বিক্রি করে ডিজে পার্টির আয়োজন করে সেখানে মাদক সরবরাহ করা হতো।
এই ঘটনায় প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত মো. ওমর জামিল পলাতক থাকায় তাঁর বিরুদ্ধেও মামলা হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার শামীম, পলাতক ওমর জামিল ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।