উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল মার্কিন টেক জায়ান্ট। দর্শক সংখ্যা বাড়াতে এবি টেস্টিংয়ে নতুন ফিচার পেতে চলেছেন গ্রাহক। ফলে এখন থেকে একটি ভিডিয়ো একসঙ্গে তিন রকম ভাবে করা যাবে পোস্ট।
এত দিন একটি ভিডিয়ো আপলোডের ক্ষেত্রে একসঙ্গে সর্বাধিক তিনটি করে থাম্বনেল এবং শিরোনাম ব্যবহার করা যেত। এর মধ্যে যেটি দর্শকের সবচেয়ে বেশি পছন্দ হত, কয়েক ঘণ্টার মধ্যেই তা জানিয়ে দিত ইউটিউব। তখন ওই নির্দিষ্ট থাম্বনেল এবং শিরোনামটি রেখে বাকি দু’টি ফেলে দিতে পারতেন বিষয়স্রষ্টা।
এবার এই একই প্রযুক্তি মূল ভিডিয়োর ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে। অর্থাৎ, একই ভিডিয়ো একসঙ্গে তিন রকম ভাবে আপলোড করা যাবে। ধরা যাক, কোনও বিষয়ে একটি ভিডিয়ো তিন রকম ভাবে এডিট করে একসঙ্গে আপলোড করা হলো।
এবি টেস্টিং প্রযুক্তি কিছু সময় পর জানিয়ে দেবে এই তিনটির মধ্যে কোন ভিডিয়োটি দর্শক বেশি পছন্দ করছে। সেক্ষেত্রে সবথেকে বেশি বার দেখা ভিডিয়োটি রেখে বাকি দু’টি পরে সরিয়ে নেওয়া যাবে। আমজনতার পছন্দকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ করা হয়েছে।