উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনির এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিও মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এ বিষয়ে ইতিমধ্যেই মেহজাবীন মুখ খুললেও এবার কড়া বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তিনি ভিডিওটি ছড়িয়ে পড়া, দায় এড়ানোর চেষ্টা এবং সমালোচনাকারীদের উদ্দেশ্যে নানা মন্তব্য করেন। লাইভে পরীমনি বলেন, কোনো ভুল করার পর শুধু ‘আই অ্যাম সরি’ বলে দায় এড়ানো যায় না এবং পেজ হ্যাক হওয়ার কথা বলে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
আইন ও প্রশাসন থাকার পরও ভিডিওটি দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হয়নি কেন, সেই প্রশ্নও তোলেন এই নায়িকা। তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সংশ্লিষ্ট জায়গা থেকে এমন কিছু ঘটলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে। লাইভে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি বলেন, বাঙালি হিসেবে তিনিও গালি দিতে পারেন এবং যারা ভিডিওটি দেখেছেন ও মিথ্যা জেনেও ছড়িয়েছেন, তাদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে সকালে পরীমনি তার লাইভ ভিডিওটি ডিলিট করে দেন এবং মুছে দেয়ার বিষয়টি একটি পোস্টের মাধ্যমে জানান। উল্লেখ্য, এই নায়িকার অভিনীত ‘ডোডোর গল্প’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং সম্প্রতি তিনি একটি ওয়েব ফিল্মের কাজও শেষ করেছেন। পাশাপাশি নতুন ছবিতে অভিনয়ের কথাবার্তাও চলছে বলে জানা গেছে।