উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
নিহত জুঁই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাঁর স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। জুঁইয়ের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন।
স্থানীয়দের দাবি, স্বামী বিদেশে থাকার সময় অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি ওই ব্যক্তির সঙ্গে ভাড়া বাসায় থাকছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাঁর পরিচয় কিংবা মৃত্যুর ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।