উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে দিনাজপুর হিলি স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুরু হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মো. শাহীনুর ইসলাম শাহীন।
সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এবং ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় এই স্থলবন্দর দিয়ে যথানিয়মে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে পুরোদমে শুরু হবে।
এদিকে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।