উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যান্ড্রয়েড ও আইওএসের বাইরে নতুন প্রযুক্তির হাত ধরে বাজারে আসতে চলেছে বিশেষ এক স্মার্ট ডিভাইস। স্মার্টফোনের পাশাপাশি বর্তমানে হু হু করে বাড়ছে বিভিন্ন ধরনের স্মার্ট চশমার চাহিদা। এই ডিভাইসের গবেষণা ও বাণিজ্যিক উৎপাদনে এখন কোমর বেঁধে লেগে পড়েছে বহু নতুন নতুন সংস্থা।
তাদেরই একটি চিনের ‘ইনস্টা৩৬০’ সংস্থা স্মার্ট চশমার ব্যবসায় মার্কিন টেক জায়ান্ট মেটাকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে। সূত্রের খবর, বর্তমানে একটি বিশেষ ধরনের স্মার্ট চশমা তৈরির গবেষণা চালাচ্ছে এই চিনা সংস্থাটি। মেটা নির্মিত স্মার্ট চশমার মতো তাতেও থাকবে ক্যামেরা, ফলে চোখে থাকা অবস্থাতেই ছবি তুলতে পারবেন ব্যবহারকারী।
টেক বিশেষজ্ঞদের একাংশের দাবি, মেটার চেয়ে ‘ইনস্টা৩৬০’-এর স্মার্ট চশমার ওজন কম হবে এবং দামও তুলনামূলকভাবে কম হতে পারে। দীর্ঘ সময় ব্যবহারে কোনও সমস্যা হবে না এবং ডিভাইসটির তোলা ছবির গুণগত মানও দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে গবেষণারত সংস্থাটির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অন্য দিকে, তৃতীয় প্রজন্মের কৃত্রিম মেধা বা এআই ভিত্তিক স্মার্ট চশমা বাজারে এনেছে মেটা যেখানে কোনো ক্যামেরা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটার এই স্মার্ট চশমাটি ১,৩০০ ডলারে বিক্রি হলেও ভারতে এর দাম দু’লাখ টাকা ছাড়িয়ে যাবে। ভারতে মেটার প্রথম ও দ্বিতীয় প্রজন্মের মডেলগুলি ২৯,৯০০ থেকে ৩৯,৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।