উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেতার বাংলোর একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে গত শুক্রবার এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের এই বাংলোয় বেশ কিছু পরিবর্তনের কাজ চলছিল বলে পৌরসভা জানিয়েছে। অভিযোগ উঠেছে যে, প্রয়োজনীয় কোনো অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের নির্মাণ ও সংস্কারের কাজ করা হচ্ছিল।
এই অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৫৪এ ধারা অনুযায়ী কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নোটিশ জারির পরেও কাজ চলছিল।
অজয়ের ওই বাংলোয় একটি স্যালো ও স্পা তৈরির কাজ চলছিল এবং সম্পত্তিটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েই মূলত আপত্তি দেখা দেয়। দেবগন পরিবারের তরফ থেকে নোটিশের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চাওয়া হলেও পৌরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত নির্মাণের অংশ ভেঙে দেন।
বাংলোটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন আবাসন সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের আশঙ্কা ছিল, সেখানে স্যালো ও স্পা চালু হলে বহিরাগতদের যাতায়াত বাড়ার পাশাপাশি যানজট ও শব্দদূষণ বৃদ্ধি পাবে।
তবে অজয় দেবগনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি ছিল যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন নেওয়া হয়েছিল। সমস্ত দাবি সত্ত্বেও পৌরসভার অভিযানে অভিনেতার বাংলোর নবনির্মিত অংশ ভেঙে ফেলা হয়েছে।