উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২৬শে অক্টোবর চারদিনের সরকারি সফরে তার টোকিও পৌঁছানোর কথা রয়েছে। সফরকে সফল ও স্মরণীয় করতে বাংলাদেশ দূতাবাস, জাপান বিএনপি এবং প্রবাসী ব্যবসায়ী সমাজ নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কূটনৈতিক প্রস্তুতির পাশাপাশি জাপান বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও সমন্বয় কার্যক্রম চলছে। দলীয় বিভক্তি সত্ত্বেও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলীয় প্রধানের সফর সফল করতে কাজ করছেন।
বসে নেই প্রবাসী ব্যবসায়ী সমাজও, কারণ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৯ই অক্টোবর শুক্রবার জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত ওই সভায় প্রবাসীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
জাপান বিএনপি সভাপতি মীর রেজাউল করীম রেজা জানিয়েছেন, জাপানপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে এবং সফরকালে জাপানের সম্রাটের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রবাসীদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে এবং বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ প্রবাসীদের সমস্যা সমাধানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।