উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। নিজেদের পদত্যাগপত্রে এই দুই সদস্য এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। রোববার রাষ্ট্রপতি তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেন। দুই সদস্যের বিদায়ের ফলে বর্তমানে ২০ সদস্যের এই সংস্থায় সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন। নতুন করে দুই সদস্যের সরে দাঁড়ানোর পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।