উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ত্রিদেশীয় সিরিজে এক ভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগে শামিল হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল, যেখানে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিসিবি এই ম্যাচটিতে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালন করবে। অক্টোবর মাসজুড়ে বিশ্বব্যাপী পরিচালিত পিঙ্কটোবারের সাথে সংহতি জানিয়ে পিসিবি ম্যাচটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্তন ক্যানসারে আক্রান্ত ও তা জয় করা অদম্য নারীদের প্রতি সম্মান জানাতে বাবর আজমের দল এই ম্যাচে বিশেষভাবে ডিজাইন করা গোলাপি রঙের পোশাক পরে মাঠে নামবে। একইসঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকারদেরও গোলাপি রিবন ধারণ করে এই মহতী উদ্যোগে সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচ চলাকালীন পুরো গাদ্দাফি স্টেডিয়াম জুড়েই সচেতনতার বার্তা প্রচার করা হবে। খেলায় ব্যবহৃত স্টাম্পগুলোতে থাকছে বিশেষ গোলাপি ব্র্যান্ডিং এবং জায়ান্ট স্ক্রিন ও এলইডি বোর্ডে ক্যানসার শনাক্তকরণের তথ্য দেখানো হবে।
ধারাবাহ্যিক প্রচারের অংশ হিসেবে ধারাভাষ্যকাররা সরাসরি সম্প্রচারের সময় সচেতনতামূলক বার্তা প্রচার করবেন এবং পিসিবি বিশেষ ভিডিও প্রকাশ করবে। ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে পিঙ্ক রিবন বুথ ও বিশেষ কার্যক্রম চালু থাকবে, যেখানে দর্শকেরা সরাসরি অংশ নিতে পারবেন। এ ছাড়া সমর্থকদের যুক্ত করতে সীমিত সংস্করণের গোলাপি রঙের স্মারক ও পণ্য অনলাইন ও অফলাইন স্টোরে উন্মুক্ত করা হচ্ছে।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ সৈয়দ বলেন, আমাদের দেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব রয়েছে এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সচেতনতা বাড়ানোকে পিসিবি নিজেদের দায়িত্ব মনে করে। তিনি আরও উল্লেখ করেন যে তারা ইতিবাচক পরিবর্তনের জন্য ক্রিকেটকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান। ক্রিকেট মাঠের এই ব্যতিক্রমী আয়োজন সমাজে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।