উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে। সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ১টি খুন, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য ধারায় আরও ৪৮টি মামলা নিবন্ধিত হয়েছে এবং এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৩টি। অপরাধ দমনে পরিচালিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানা মূলে ৫৯ জন ও সাজাপ্রাপ্ত ১২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তদন্তাধীন মামলায় ৬৩ জন, প্রতিরোধমূলক ধারায় ৮ জন এবং ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও মালামাল উদ্ধারের উদ্দেশ্যে সর্বমোট ১৪৫টি পৃথক অভিযান চালানো হয়েছে। এ সময় ২৯৯ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল, ৭০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
রেঞ্জ পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের অধীনে মোট ১,০৯৯ জন নাগরিক সরাসরি সেবা গ্রহণ করেছেন। আর চলতি মাসে এখন পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫৭৭ জনে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।