উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে কোনো দীর্ঘসূত্রিতা রাখা হবে না এবং এগুলো ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, রোগীরা যেন দেশেই আধুনিক চিকিৎসাসেবা পান এবং প্রতিরোধে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
স্বাস্থ্য খাতের বাজেটের বড় একটি অংশ ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানিয়ে তিনি বলেন, দেশে আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল ও টেকনোলজিস্ট রয়েছে। প্রয়োজনে তাদের তিন মাসের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়।
অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে এবং এখন কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও তিনি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন।