উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের গতি, শক্তি ও নৈপুণ্যের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচটিতে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় মেয়েরা। ভারতের কাছে এই বড় হারের পর বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশ দলের কোচ আনা আলোনসো।
ম্যাচ শেষে তিনি বলেন, আমরা ভারতের চেয়ে অনেক দিক থেকেই পিছিয়ে আছি। শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায় বড় পার্থক্য রয়েছে, যা আজ মাঠে স্পষ্ট দেখা গেছে। কোচ জানান, স্বল্পমেয়াদী ক্যাম্পে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। তার মতে, এটি এক, দুই বা তিন মাসের কাজ নয়। ক্যাম্পের বাইরে থাকলেও খেলোয়াড়দের নিজ বাড়িতে প্রস্তুতি নিতে হবে, সারা বছর শরীরচর্চা করে ফিটনেস ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
আজকের খেলায় ভারতের হয়ে একাই ১৩টি গোল করে ম্যাচসেরা হয়েছেন ভাওয়ানা। টানা জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সফরকারী ভারত। তবে ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে স্বাগতিকেরা, যেখানে আবারও ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।