উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের নির্গত বর্জ্য পানি পরিবেশবান্ধব উপায়ে শোধন এবং উৎপাদন ব্যয় কমাতে যৌথ গবেষণার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। সোমবার সচিবালয়ে আয়োজিত এক গবেষণা আলোচনা সভায় তিনি বিসিএসআইআর এবং শিল্পমালিকদের একসঙ্গে কাজ করার এই তাগিদ দেন। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী, বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচিব বলেন, বর্জ্য পানি নির্গমনের আগেই কার্যকর শোধন নিশ্চিত করতে দক্ষ গবেষণা ও উন্নয়ন দল গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। টেক্সটাইল শিল্পে রাসায়নিক রঙের ব্যবহার কমিয়ে দেশীয় প্রাকৃতিক উপাদানের প্রয়োগ বাড়ালে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা সম্ভব। এছাড়া রং করার প্রক্রিয়ায় ভূগর্ভস্থ ও সুপেয় পানির অতিরিক্ত ব্যবহার কমানোর ওপরও জোর দেন তিনি।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এ ধরনের গবেষণা টেক্সটাইল শিল্পের জন্য সময়োপযোগী এবং প্রযুক্তিটি বাস্তবায়নে মন্ত্রণালয়কে সহযোগিতা করতে প্রস্তুত তারা। গবেষক সাবরিনা মোস্তফা জানান, বর্জ্য পানি থেকে ক্ষতিকর রং অপসারণে চালের তুষ ও তুষের গুঁড়ার মতো স্থানীয় উপাদান ব্যবহারের গবেষণা চলছে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইনোভেশন সেন্টারের মাধ্যমে ড. নওশাদ হকের কারিগরি সহযোগিতায় এই পদ্ধতির মাঠপর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।