উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রবাসে বাংলা সাংবাদিকতার ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আগামী রোববার দুপুর ১২ টায় সিডনির রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি।
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদদের অন্যতম ফেডারেল সংগঠন এবিজেএর ২০২৬ সালের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনজন। তারা হলেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান। সদস্যদের অংশগ্রহণে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল ও প্রাণবন্ত করে তুলতে সংগঠনের সব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবিজেএর সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। তারা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল হবে।
এবিজেএর এবারের নির্বাচন তাই কেবল নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পেশাগত সংহতি এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার একটি সুযোগ। সবার অংশগ্রহণে ২৫ অক্টোবরের এ আয়োজন সংগঠনের আগামী দিনের পথচলায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে—এমন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।