উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১২টার দিকে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের সাত মাসের কার্যক্রমে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা সব দায় বিরোধী দলের ওপর চাপাতে চাচ্ছে।
সংবিধান সংস্কার ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ গণভোটে প্রায় ৭০ ভাগ ভোট দিয়ে সংবিধান সংস্কারের রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। বিএনপি নিজেদের মতো বিশেষ কমিটি করে সংবিধান সংশোধনের পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকাঠামো টিকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। জামায়াতের পাঁচটি নোট অব ডিসেন্টের ওপর বিএনপি শক্ত থাকেনি বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতার ওসমানী উদ্যানের অনুষ্ঠানে যোগ না দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, আমন্ত্রণপত্রে নাম উল্লেখ না করা অসম্মানজনক ছিল, অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে রাখা হয়েছিল। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যথাযথ সম্মান না দেওয়ায় তিনি সেখানে যাননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। সরকারের বিভিন্ন প্রজ্ঞাপন ও দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, মাদরাসার ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর মাধ্যমে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এ সময় আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট না করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের দাবি আদায়ে অতীতে শুধু একত্রে আন্দোলন করা হয়েছে।