উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলায় আজ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, কালীবাড়ি এবং ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ও চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর। সবাই নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে যাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সুনামগঞ্জে পূজা উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন এবং পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা রয়েছে।