উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলীয় মডেল ও ফ্যাশন ডিজাইনার সাহারা রে মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন বলে পরিবার জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তিনি কন্যাসন্তানের মা হয়েছিলেন এবং কয়েক মাস বয়সী মেয়ে স্নোকে রেখেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন।
সাহারার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ফেন্টানিল নামের শক্তিশালী ব্যথানাশকের অতিরিক্ত মাত্রা তার মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে। ২০১৬ সালে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এর আগে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল।
অস্ট্রেলিয়ার পরিচিত সার্ফার টনি রের মেয়ে সাহারা ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেন। মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছিলেন। ২০২৪ সালে গাড়ি দুর্ঘটনার পর গিয়াঁ-বারে সিনড্রোম নামের বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার কথা তিনি জানিয়েছিলেন। এ ছাড়া ২০২১ সালে মাদক ও অ্যালকোহলনির্ভরতা থেকে মুক্তি পেতে পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন সাহারা।