উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পারিবারিক জীবনে কন্যাসন্তানের গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, নারীশিক্ষা বিস্তার এবং কন্যাশিশুর সুরক্ষা ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে কন্যাশিশুর সুরক্ষা ও পুষ্টিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।