উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ঠেকাতে এখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণকে নিজেদের বিজয় ছিনিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন ১২ ফেব্রুয়ারির মতো ফলাফল ইঞ্জিনিয়ারিং করা না হয়, সেজন্য প্রয়োজনে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য তিনি স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে যারা ভয়ভীতি প্রদর্শন করছে, ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দিতে হবে। প্রশাসন নিরপেক্ষতা হারালে বা কারও পক্ষে কারচুপি করলে স্থানীয় জনগণ তা মেনে নেবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত মানবিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দেলাওয়ার হোসেন। তিনি জানান, কোনো দলীয়করণ বা সিন্ডিকেট চলতে দেওয়া হবে না এবং কৃষিনির্ভর ঠাকুরগাঁওয়ের কৃষকদের জন্য যথাসময়ে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক নিশ্চিত করা হবে।
বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উপদেষ্টা মাওলানা ওয়াসিদ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাইফি। এ সময় খেলাফত শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।