উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় মোট ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়া হবে এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য অসচ্ছল ও দরিদ্র রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ানো এবং তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানো।
এই আর্থিক সহায়তার আওতায় থাকা সাতটি রোগ হলো ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। চূড়ান্তভাবে মনোনীত প্রতিটি রোগী চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা পাবেন এবং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একই অর্থবছরে একবার ও সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ অনুদান নিতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দরিদ্র, অসচ্ছল, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে এবং কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করবে। তবে আবেদনে অসত্য তথ্য, ভুয়া সনদপত্র জমা দিলে কিংবা আগে থেকেই অন্য সরকারি সহায়তা পেয়ে থাকলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবে।
উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরে এ কর্মসূচির বরাদ্দ ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ৩০০ কোটি টাকা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৬৫০ কোটি টাকা করা হয়েছে।