উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কোয় এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠিয়েছে জাপান। রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি সাখালিন দ্বীপে হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাইকে গ্রেফতার করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়ায় জাপানের গুপ্তচরবৃত্তির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার সঙ্গে বৈঠক করেন। জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আটকের শিকার জাপানি নাগরিকের সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের সাক্ষাতের সুযোগ ও অবিলম্বে মুক্তি দাবি করেন।
প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছে টোকিও এবং মস্কোকে ইমাইয়ের সঙ্গে ন্যায্য ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। কিহারা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান এবং দ্বীপের মালিকানা নিয়েও দেশ দুটির মধ্যে বিরোধ রয়েছে।