উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে কূটনীতির পথে এগোতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হলে নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। গত বুধবার ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক প্রবন্ধে তিনি লিখেছেন, দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ইরান যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি নিজেকে রক্ষা করার জন্যও প্রস্তুত।
আরাঘচি তাঁর প্রবন্ধে জানান, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সদিচ্ছা দেখায়নি এবং এ মুহূর্তে নতুন কোনো চুক্তির বিষয়ে খুব বেশি আশাও দেখছেন না তিনি। যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে আবার সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপ আশা করতে পারে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে হুমকি দেবে, অন্যদিকে আলোচনা চাইবে—তা হতে পারে না।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্রকে অবশ্যই দেশের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে। এরপরই সবাই একসঙ্গে বসতে এবং আলোচনা করতে পারবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সব দিক দিয়ে অবরোধ আরোপ করে রাখবে এবং একই সঙ্গে হুমকি দিয়ে আলোচনার দাবি করবে, তা গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র আগের চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, কারও সহজে চুক্তিতে সম্মত হওয়া উচিত নয়, তবে যখন কোনো চুক্তি হয়ে যাবে তখন সেটি শেষ হওয়া পর্যন্ত তাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতি হলেও পরে তা পুরোপুরি ভেস্তে যায়।