উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩১ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ। প্রায় এক হাজার গাড়ির বিশাল বহর নিয়ে এ কর্মসূচি কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই লংমার্চ সফল করতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা, প্রচার, আইটি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। মিয়া গোলাম পরওয়ার বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভায় জানানো হয় যে, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এরপর সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চের গাড়িগুলো নির্দিষ্ট রুট ধরে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে। যাত্রাপথে শরীয়তপুর, বাগেরহাট, খুলনা, ফুলতলা, যশোর ও ঝিনাইদহে বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে আয়োজিত সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের এই গাড়িবহর। এই লংমার্চের যাত্রায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীল নেতাদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।